Tuesday, 7 August 2018

একফালি চাঁদ রাত্রি হবি?
তারা মাখবো শরীর জুড়ে।
পরিচিত মুখের ভিড়ে,
শুধুমাত্র  আমার হবি?
ভালোবাসব নিজের করে।।

রাত ফুরোবে সকাল হবে
কাজের পিঠে দিন গড়াবে।
শুকনো খোলার বাদাম ভাজা,
শীতের দিনের ছুটি হবি?
গড়ের মাঠের রোদ কুড়াবো আঁজলা ভরে।
স্বপ্ন জুড়ে আমার হবি?
কাব্য করে রাখব তুলে মনের ঘরে।

অঙ্ক ভুলের শাস্তি হবি?
হিসেব কষা রুপকথাদের ফেলবো ঝেড়ে।
দুঃখ সুখের চেনা পাড়ায়
শুধুমাত্র আমার হবি?
ভালোবাসব নিজের করে।।

Thursday, 2 August 2018


সেই পুরনো নীলচে সাদা আকাশ
একটা বিবর্ন চীৎকার
গভীর রাতের কোলে স্বপ্ন ভাঙে ঘুম
জীবন, বল দেখি তুই কার?

হলুদ শাড়ির ছাদ
দূরে সানাই ডাকা ভোর
কোকিল অকাল ফাগুন চুরি করে
বিষন্নতা, স্যাঙাত কোথায় তোর?

একটা অভিমানী মুখ ভার
লুকিয়ে মোছা চোখ উপচে জল
অকারনে বৃষ্টি ভেজে নকল ফুলের গাছ
ভুল পঞ্জিকা মিলিয়ে, জীবন,
এবার please প্রেমের কথা বল।।

Friday, 13 July 2018

        ।।আমার উতল হাওয়া।।

জানি তুই আসবি বলেই ঝড় পাঠালি।
উড়িয়ে দিলি এদিক ওদিক দৈনন্দিন।
জানি ভালোবাসবি বলেই বৃষ্টি হলি।
সোঁদা মাটির গন্ধ দিলি আঁচল জুড়ে।
ব্জ্রপাতের আঘাতটুকু বাঁচিয়ে এবার
কপাল ছুঁয়ে চিবুক ছুঁয়ে কাল বোশেখী
আষাঢ় শ্রাবণ ভিজিয়ে দিলি খেলার ছলে।
জানি তো কাছে থাকবি বলেই মেঘ মাখলি।
বছর জুড়ে অপেক্ষাতে
আমাদের কয়েকটা দিন বর্ষাকালীন।।

Sunday, 4 February 2018

।। ধোঁয়াশা।।

সাদা তুলোর মেঘের ভেলায়
সূর্য্যি মামা দিব্যি ভাসে,
তবু আকাশ আমার নীল হয়না।
শালিখ, দোয়েল, বুলবুলিতে
বাগান জুড়ে কিচিরমিচির,
তবু পাখি আমার শঙ্খচিল হয়না।

আকাশখানা নীল হয়না।।

পলাশ, শিমুল বসন্তময়,
কিন্তু আমার ফাগুন লাল হয়না।
শহর ভেজে বর্ষা জলে,
তবে মনের মাঝের ঝিল হয়না।

আকাশ আমার নীল হয়না।।

নিয়ম মাফিক  জোয়ার ভাঁটা রোজই খেলে,
কিন্তু কোথায় সাগর আর কোথায় নদী!
গাঙের জলে কোনো ঢেউ হয়না।
দুই পক্ষের নামাবলিতে
পূর্ণিমাচাঁদ দিব্যি হাসে,
শুধু রোজনামচার অজুহাতে প্রেম হয়না।

তোকে ছাড়া কাব্যে অন্তমিল হয়না।
তাইতো আমার আকাশটা আর নীল হয়না।।

Monday, 13 November 2017

আমি কখনো ফুল বিছানো পথ দেখিনি চোখে,
তাই তুই বরং কালো পিচের রাস্তা ধরেই আয়।
আমি কখনো রামধনূ রঙ গায়ে মাখিনি জীবনে,
দেখিনি চাঁদের দেশের চরকা কাটা বুড়ীকে,
তাই তুই বরং ঐ চাঁদ তারা ফুল রামধনূ রঙ ভুলিয়ে দিয়ে
দিনের স্বচ্ছ আলো মেখে একটু বাস্তব হয়েই আয়।
তোর জন্য চাই তো আনতে একশো আটটা নীল পদ্ম,
সরাতে চাই পৃথিবীর সব জঞ্জাল, বাকি অনেকের মত।
কিন্তু জানিনা ঠিকানা পদ্মবনের,  আর সত্যি বলতে কি
একার পক্ষে পৃথিবী পরিষ্কার করার ক্ষমতাও নেই আমার।
তার চেয়ে বরং তুই আয়, একটু ধৈর্য নিয়ে।
আমি কোদাল, ঝাঁটা, ন্যাতা জুটিয়ে রাখছি
দুজন মিলে ধূয়ে মুছে একটা পরিষ্কার দালান বানাবো তখন,
আর ফুল ফল গাছ নানারকম সাজাস বাগান তোর ইচ্ছে মত।
তুই আমার কবিতা হয়ে আয়, যে কথা বলা হয়নি, লেখা হয়নি, সেই অজানা কাব্য লিখবি আয়।
আমার না গাওয়া গানের সুর হয়ে তুই আয়।
অনেক গল্প বাকি আছে, একসাথে রাত জাগবো,
তুই আয়।
অনেক সুখ দুঃখ বাকি আছে, প্রাণ খুলে হাসব কাঁদব,
অনেক স্বপ্ন দেখার বাকি আছে, আয়,
ভালোবাসবি বলে আয়।।

Friday, 11 August 2017

ছেঁড়া পাতা, দুচার খানা।
এদিক ওদিক ভুল বাহানা।।
তাসের ঘরে রঙের মেলা।
আপন বাপন ছেলে খেলা।।
লাল গেলাসের স্বপ্ন পাখা।
ইকির মিকির চরকি আঁকা।।
ঘুমের দেশে ইচ্ছে রাজা।
প্রেমিক আমার ভাব পেয়াদা।।
তোরই মত আপন ভোলা।
এখন জীবন যাত্রা পালা।।

Thursday, 20 April 2017

রাজপুত্তুর থাকে

সেই যেখানে ধানের ক্ষেতে
আউষ, আমন, বোরো।
নদীর জলে দাঁড়ের আওয়াজ
ভাটিয়ালীর সুরে।
এমন কোনো তেপান্তরের পারে
কোনো এক রাজপুত্তুর থাকে।।

যখন আবার সাপ-লুডোময় জীবন যাপন, দাবা খেলার ছক।
ব্যস্ত জীবন ওতপ্রোত, সুখ দুঃখের সখ।
কথার পিঠে মান-অভিমান, মিথ্যে যখন প্রতিশ্রুতির ছোঁওয়া,
শহর আমার সহজাত, দূষণ আমার বুক ভর্তি হাওয়া।
এমন  কোনো নাগরিকতার ভিড়ে,
 এক রাজপুত্তুর থাকে।।

এরম ভাবেই বাস্তবতার শহর গ্রামে
নীলচে কালো কল্পনারা রঙিন ছবি আঁকে।
এরম কোনো কল্পময়ী সাত সাগরের পারে
আমার স্বপ্নে দেখা রাজপুত্তুর থাকে।।