Thursday, 20 April 2017

রাজপুত্তুর থাকে

সেই যেখানে ধানের ক্ষেতে
আউষ, আমন, বোরো।
নদীর জলে দাঁড়ের আওয়াজ
ভাটিয়ালীর সুরে।
এমন কোনো তেপান্তরের পারে
কোনো এক রাজপুত্তুর থাকে।।

যখন আবার সাপ-লুডোময় জীবন যাপন, দাবা খেলার ছক।
ব্যস্ত জীবন ওতপ্রোত, সুখ দুঃখের সখ।
কথার পিঠে মান-অভিমান, মিথ্যে যখন প্রতিশ্রুতির ছোঁওয়া,
শহর আমার সহজাত, দূষণ আমার বুক ভর্তি হাওয়া।
এমন  কোনো নাগরিকতার ভিড়ে,
 এক রাজপুত্তুর থাকে।।

এরম ভাবেই বাস্তবতার শহর গ্রামে
নীলচে কালো কল্পনারা রঙিন ছবি আঁকে।
এরম কোনো কল্পময়ী সাত সাগরের পারে
আমার স্বপ্নে দেখা রাজপুত্তুর থাকে।।

Wednesday, 19 April 2017

ঠিক যেমন কথা ছিল -
       রাস্তার শেষ বাঁকটা আকাশ ছোঁবে,
       নীলের গায়ে সাদা, ধূসর কিছু মেঘ থাকবে এলোমেলো,
       সবুজ কিছু ঘাস,সবুজ কিছু গাছের পাতা.. আর
       কিছু ছড়ানো ছিটানো লাল..... ফুল কিংবা ভালোবাসা!
তারপর, এসব পেরিয়ে, তুই।

       কথা ছিল আমার অনেক আগেই তুই পৌছে যাবি,
       কথা ছিল আমার পৌছতে সত্যিই অনেক দেরী হবে..
       আমার চুলে পাক ধরবে, হাঁটুতে ব্যথা... ইত্যাদি,
       কথা ছিল মেঘটা সরে গেলেই নতুন ভোর।
কথা ছিল রাস্তার বাঁকটা নিলেই............
ঠিক এরকমই তো হচ্ছিল -
        বুকে ব্যথা, মনে পাক, রোজনামচা ঠেলে
        পায়ে পায়ে অনেকটা পথ.... চড়াই উতরাই -
        থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়।
তারপর সেই রাস্তার শেষ বাঁকে...
        সময় বুঝে কথা মতন মেঘও কেমন সরে গেল,
এবার স্বপ্ন থমকে গেল।
ঠিক যেমনটি কথা ছিল তেমন কথা রইল না আর,

শেষখানেতে তুই ছিলি না।

সুতরাং,  সে বাঁক থেকেই আবার চলা শুরু হল।
শহর নদী ডিঙিয়ে আবার সূয্যি মামার উদয় হল।
চেনা জানা রাস্তা ধরে তোকে খুঁজতে আমার জীবন শুরু হল।

হয়ত ঠিক এমনটিই কথা ছিল.....

Friday, 10 March 2017

যদি বলি, ভুলে গেছি সব -
কোথায় যেন যাওয়ার ছিল,
কাজের পিঠে অকাজ নিয়ে কিসব যেন করার ছিল,
ঠিকুজিকোষ্ঠী মিলিয়ে নেওয়ার কিসব যেন হিসেব ছিল!
যদি বলি, এরম কিছু... এর সঙ্গে আরো কিছু...
ভুলে গেছি সব-

তবে যেন সহজ লাগে,
আঁকাবাঁকা রাস্তাগুলো সোজা লাগে,
তোর জন্য কঠিন করে বেঁচে থাকতেও আরাম লাগে,
সম্পর্কের বক্রচলন, দায়ভার সব জলাঞ্জলি,
অবাধ্যতার গন্ডি ভেঙে ভালোবাসাও বাধ্য লাগে....

যদি বলি সময় থেমে যাক
থেমে যাক ব্যস্ততা,
বহুদূর যেতে যেতে থমকে যাক চলা...
নীলচে স্বপ্ন ভেঙে দিক রাত।

তবে যেন অন্য কোনো ভোরে
খুঁজে পাই তোকে।
চোখে চোখ, হাতে হাত...
তবে যেন বড় কাছাকাছি, পাশাপাশি হয় জীবন...

Wednesday, 30 November 2016

চন্দ্রগ্রহণ


কথা ছিল তোমাদের সাথে।
অনেক গল্প ছিল বলার, স্বপ্ন ছিল
তোমাদের সাথে দেখার।
অনেক দুঃখ ছিল যত্ন করে রাখা।
আর কিছু রাগ, আঙরার মত জ্বলজ্বলে।
এসব নিয়েই বলে যেতে চেয়েছিলাম
আমার পুরো জীবনীটা।
কিন্তু হল না.........

বড্ড বেশী ব্যাস্ত তোমরা, বড্ড কম সময়
তোমাদের হাতে।
দুদন্ড মুখোমুখি দাঁড়ানোর সুযোগ নেই।
চোখে চোখ পড়লে সরিয়ে নাও, যাতে
কথোপকথন দীর্ঘ না হয়ে দাঁড়ায়।

তোমাদের ঘোড়দৌড়ের জীবনে আমি
চেয়েছিলাম আমার ইতিহাস্টুকু শুনিয়ে যাব তোমাদের।
কি সাংঘাতিক নিবোর্ধ আমি......
তোমরা তো অনেক আগে থেকেই সবটা জানো,
বোঝোও তো অনেক কিছু।
শুধু চুপ থাকো, কথায় কথা বেড়ে যাওয়ার ভয়ে।
কে জানে তোমাদের বিনাবাক্যের দুনিয়ায়
আমায় কে দিলো এত কথা বলার ইচ্ছা!!

এতদিন বসেছিলাম আমার সারা রাত্রির
অঢেল সময় নিয়ে...... কিন্তু তোমরা তো
কিছুই শুনলে  না......
এবার আমার সময় শেষ হল।
আকাশের গায়ে ভোর হচ্ছে......এবার
আমায় ঘুমোতে যেতে হবে......

Tuesday, 4 October 2016

উপহার


তোমাকে দিয়ে যাব আমার শেষ নিঃশ্বাস...
অন্ধকারে পড়ে থাকা মন, আর
হাহাকারে ফেটে পড়া হাসি...... যদি দেওয়া যায়!!

তোমাকে দিয়ে যাব আমার প্রথম চীৎকার...
গুমড়ে মরা রাগ, আর
কুড়ে কুড়ে খাওয়া অপরাধ বোধ...... যদি দেওয়া যায়!!

তোমায় দিয়ে যাব আমার প্রতিটা
স্বপ্ন ভাঙা ঘুম...
ছিঁড়ে যাওয়া ভালোবাসা, আর
রক্তাক্ত গোলাপের বৈতালিক প্রতিশ্রুতি......

যদি দেওয়া যায়, তোমায় দিয়ে যাব এসব কিছুই,
যা আমার সম্বল, পরিচয়...
তোমাকে দিয়ে যাব দারিদ্র্য, এক জীবন
জর্জরিত দুরাশায়...
তোমাকে দিয়ে যাব জীবিত থাকার
সমস্থ রকম অমুল্য সহায়।। 

Saturday, 24 September 2016

।। পড়সী ।।

সকাল বিকাল মুখ দেখানো, হয় ভাব নয় আড়ি
পেঁচি সুন্দরী, কাজ কর্ম নেই বুঝি আজ কোনো!!
খোলা ছাদে পাশের বাড়ির কতই না পায়চারী,
হতভাগী ওই গান গাইছে...... শোনো।।

কপাল জুড়ে মস্ত একটা টিপ
পটলচেরা চক্ষু রানী, আবার তাতে
কাজল মাখলি কেন!!
পাশের বাড়ির মন কেমনে
বুক করে ঢিপ ঢিপ,
হতভাগী আবার গান গাইছে......... শোনো।।

আকাশ জোড়া বেখেয়ালী বৃষ্টি নামার বায়না
অকারণে মেঘ ডাকালি, পোড়ামুখী,
সবই তোর কল্পপুরি যেন!!
পাশের বাড়ির নীলচে শার্টের সাক্ষী থাকা
কলঘরের ওই আয়না,
আজকে আবার হতভাগী গান গাইছে.........শোনো।।

Saturday, 17 September 2016

।। আগমনী ।।


আরো সুন্দর হোক ভোরের সূর্য
নাগরিক ক্লান্তিতে।
আরো নির্মল হোক হাওয়া
শহুরে শান্তিতে।
আরো উজ্জ্বল হোক স্বপ্ন
তোমার চোখের কাজলে।
আরো সহজ হোক ইচ্ছা
নীলচে সুখের আঁচলে।
তোমার নিভৃত লাজুক হাসি
আবার ঘনিয়ে উঠুক ঠোঁটে।
আরো একবার বৃষ্টির শেষ জলটুকু ছুঁয়ে
যেমন মেঘলা দিনে রামধনু রঙ ফোটে।
আরো নিখুঁত হোক চাউনি
জমাটি অভিমানে।
আমাদের শৌখিন হোক আশা
এ হেন ভৌতিক দিনমানে।
এইতো সময়, এবার সমৃদ্ধ হোক মোহ
মায়ার উপবনে।
আরো আরো স্পষ্ট হোক ভালোবাসা
শুধু কবিতার সন্ধানে।।