Tuesday, 4 October 2016

উপহার


তোমাকে দিয়ে যাব আমার শেষ নিঃশ্বাস...
অন্ধকারে পড়ে থাকা মন, আর
হাহাকারে ফেটে পড়া হাসি...... যদি দেওয়া যায়!!

তোমাকে দিয়ে যাব আমার প্রথম চীৎকার...
গুমড়ে মরা রাগ, আর
কুড়ে কুড়ে খাওয়া অপরাধ বোধ...... যদি দেওয়া যায়!!

তোমায় দিয়ে যাব আমার প্রতিটা
স্বপ্ন ভাঙা ঘুম...
ছিঁড়ে যাওয়া ভালোবাসা, আর
রক্তাক্ত গোলাপের বৈতালিক প্রতিশ্রুতি......

যদি দেওয়া যায়, তোমায় দিয়ে যাব এসব কিছুই,
যা আমার সম্বল, পরিচয়...
তোমাকে দিয়ে যাব দারিদ্র্য, এক জীবন
জর্জরিত দুরাশায়...
তোমাকে দিয়ে যাব জীবিত থাকার
সমস্থ রকম অমুল্য সহায়।। 

Saturday, 24 September 2016

।। পড়সী ।।

সকাল বিকাল মুখ দেখানো, হয় ভাব নয় আড়ি
পেঁচি সুন্দরী, কাজ কর্ম নেই বুঝি আজ কোনো!!
খোলা ছাদে পাশের বাড়ির কতই না পায়চারী,
হতভাগী ওই গান গাইছে...... শোনো।।

কপাল জুড়ে মস্ত একটা টিপ
পটলচেরা চক্ষু রানী, আবার তাতে
কাজল মাখলি কেন!!
পাশের বাড়ির মন কেমনে
বুক করে ঢিপ ঢিপ,
হতভাগী আবার গান গাইছে......... শোনো।।

আকাশ জোড়া বেখেয়ালী বৃষ্টি নামার বায়না
অকারণে মেঘ ডাকালি, পোড়ামুখী,
সবই তোর কল্পপুরি যেন!!
পাশের বাড়ির নীলচে শার্টের সাক্ষী থাকা
কলঘরের ওই আয়না,
আজকে আবার হতভাগী গান গাইছে.........শোনো।।

Saturday, 17 September 2016

।। আগমনী ।।


আরো সুন্দর হোক ভোরের সূর্য
নাগরিক ক্লান্তিতে।
আরো নির্মল হোক হাওয়া
শহুরে শান্তিতে।
আরো উজ্জ্বল হোক স্বপ্ন
তোমার চোখের কাজলে।
আরো সহজ হোক ইচ্ছা
নীলচে সুখের আঁচলে।
তোমার নিভৃত লাজুক হাসি
আবার ঘনিয়ে উঠুক ঠোঁটে।
আরো একবার বৃষ্টির শেষ জলটুকু ছুঁয়ে
যেমন মেঘলা দিনে রামধনু রঙ ফোটে।
আরো নিখুঁত হোক চাউনি
জমাটি অভিমানে।
আমাদের শৌখিন হোক আশা
এ হেন ভৌতিক দিনমানে।
এইতো সময়, এবার সমৃদ্ধ হোক মোহ
মায়ার উপবনে।
আরো আরো স্পষ্ট হোক ভালোবাসা
শুধু কবিতার সন্ধানে।।
              

Tuesday, 6 September 2016

।। শ্রীরাধিকার শেষপত্র ।।


হল তো বেশ অনেকদিন।
এবার ছাড় না এসব ধ্যান্তারামো।
কোকিল টোকিল নাইবা ডাকালি অষ্টপ্রহর।
ময়ূর নাচানো বন্ধ কর না বনের ধারে।

তোকে আর বাসি না ভালো আগের মত।
সত্যি কথা, কিচ্ছুটি নেই আগের মত।
আপাদমস্তক বদলে গেছি আমরা কবেই।
তুইও বেশ ভালোই জানিস,
এ শহরে উঠতে বসতে সময় কোথায়
দু-চার দফা দীর্ঘশ্বাসের!
দিনযাপনের হিসেব নিয়ে
আমি যখন ব্যাস্ত থাকি,
তুইও তখন জমা খরচ মিলিয়ে নিতে
ছুটে মরিস ইঁদুরকলে।
আগের মত কারইবা আর সময় আছে
আকাশ দেখে গল্প লেখার?
চাঁদ তারা ফুল জড়িয়ে ধরে
নতুন নতুন স্বপ্ন দেখার?

কিচ্ছুটি নেই আগের মতন তুইও জানিস......
বৃষ্টি হলে শহর ভেজে আগের মতন।
আজ চেয়ে দেখ আমরা কেমন কাদা মাখি
হাত পা মুখে।

এখন আমরা জেনে গেছি
প্রেম প্রেম ভাব দিব্যি লাগে কাব্যে গানে।
তাই জন্য বলছি তোকেও কবিতা লেখ।
পারলে দু-চারখানা গানও লিখে ফেলতে পারিস।

আমায় শুধু থাকতে দে ভাই আমার হালে।
তাকাস না আর অমন ভাবে আমার দিকে।
সাঁতার জানিনা, অত গভীর চোখের ভিতর
খুব সহজেই ডুবে মরব বিনাবাক্যে!
বলিস না আর অমন কথা আমার সাথে।
যেন আমার জন্য বেছে রাখা তোর শব্দমালা
যেন আমায় চিনিস কত জন্ম আগের থেকে!

ভালোই জানিস, তুই আমার কাছেও নেই, পাশেও নেই।
আমিও জানি পারব না তোর
পাশেতে দৌড়ে যেতে
কিম্বা থাকতে দুঃখে সুখে।

তাহলে কি দাঁড়ালো শেষকালেতে......
মনের কথা কদম গাছে ঝুলিয়ে
রাখাই বুদ্ধিমানের।

বলছি আবার স্পষ্ট করে
ভালো আমি বাসছি নাকো আগের মত
তোকে আর আমার করে......... 

Saturday, 20 August 2016


।। মালতী লতা দোলে।।


ভালো থেকো মালতী।।
তোমার বৃন্তে আমি সাজালাম
আজিকার শেষ বর্ষা।
তোমার চিকন পাতায় দিলাম
চির সবুজের প্রতিশ্রুতি।

তুমি ভালো থেকো মালতী,  আমার রাত জাগা স্বপ্নে।

আজ শেষ শ্রাবণের হাওয়ায় মিশিয়ে দিলাম
তোমার বুকের সুগন্ধি ব্যাকুলতা।
কোনো চপলা অভীসারিকার
নিভৃত প্রতীক্ষায়, তুমি ভালো থেকো।

তোমার স্নিগ্ধ রূপে আমি লিখে দিলাম সিক্ত সুখ,
আমার অনন্ত ভালোবাসায়, মালতী, তুমি ভালো থেকো।। 

Sunday, 14 August 2016

কখনো কি দেখেছো তুমি আকাশের বুকে
লাল, কালো, সাদা মেঘেরা কেমন
দুঃখ লিখে যায় প্রতিদিন।
আকাশ কখনো তা মুছে দেয় চোখের জলে
কখন পুড়িয়ে দেয় রাগে অভিমানে......

কখন দেখেছো কি তুমি কেমন
পাহাড়ে পাহাড়ে ঠোকাঠুকি লেগে যায় রোজ,
কত পথ চলার আগেই পাথরে হোঁচট খেয়ে
থেমে যায় সুখ।
পাহাড় তাকে নদীর গল্প বলে, বলে
কত স্বান্তনা চিরকাল বুকে চাপা আছে তার.........

কখনো শুনেছো হাওয়ায় হাওয়ায়
দীর্ঘশ্বাসের গান বুনে দেয় কত বিকেল।
ঝরা পাতা গোধূলীলগ্ন গুলোকে খুব যত্নে
বাক্স বন্দী করে রাখে প্রেম।
তারপর রাত নামলে বিকেল শোনায় পৌরানিক
কাহিনী, "এক যে ছিল রাজা, আর এক যে ছিল রানী"......

তুমি বোঝোনি কেন তোমার কাছে
আমি থাকিনি কখনো,
কেন দূর দিয়ে কথার দাগ কেটে কেটে
সীমানা বানিয়েছে তোমার আমার মাঝে,
তুমি বোঝোনি রাতের অন্ধকার
কেন আমার এত প্রিয়,
কেন আমি স্বপ্ন দেখতে গিয়ে গুলিয়ে ফেলি
নাম, ধাম, বয়স.........

যদি কখনো আকাশের দিকে দেখো,
যদি কখনো পাহাড়ের বুকে হাঁটো,
কখনো যদি কান পাতো হাওয়ায়,
গায়ে মাখো বিকেল......
কথা দিলাম, আমি ছুঁয়ে যাব তোমায় শিরা উপশিরায়।

কালের দীগন্ত পেরোনো সীমানায়
তোমায় চেয়েছি আমি......
কালো রাতের গায়ে ভালোবাসা লিখেছি
তোমার জন্য এক একটা তারা দিয়ে,
অল্প অল্প করে পড়ে নিও যদি কখনো
বুঝতে চাও আমায়.........

কথা দিলাম, সেদিন যুগান্তর পেরোবো আমি
তোমার সাথে............... এক সাথে।।

Saturday, 6 August 2016

শুনেছি সাদা পাতায় কলম ছোঁয়ালে
নাকি যাদু সৃষ্টি হয়
সেই যাদুতে অনেক শক্তি থাকে,
বিশ্বসংসার ওলট পালট করার মন্ত্র থাকে।
শত সহস্রাব্দের ভাষা নাকি ইতিহাস থেকে জেগে উঠে
বর্তমান, এমনকি ভবিষ্যৎও লিখে ফেলতে পারে
শুধুমাত্র লেখনীর জোড়ে।

বেশ, যদি তাই হয়,
লিখব তবে - পাতার পর পাতা,
লিখব তবে প্রাণ, লিখব গান......
যদি তাতে জীবনের সুর ছুঁয়ে যায়
এই বিশ্বের মড়কের কালে।
লিখব নির্মল জলবায়ু, লিখব সুসাস্থ্য......
তাতে যদি বিঞ্জান মিশে যায় অবৈঞ্জানিক মানুষগুলোর
অসহায় রোগশয্যায়।

এ মরণের দিনে, যদি বাঁচতে পারে মন
লেখনী যদি বাঁচাতে পারে আশা.........
তবে লিখব আমি অমরত্ব, লিখব ভালোবাসা।।